ফরিদপুরে পৃথক ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পৃথক ঘটনায় চারজন নিহত হয়েছে।তাদের মধ্যে সড়ক দুর্ঘটনায় সালথায় দুজন, পানিতে ডুবে ভাঙ্গা উপজেলায় একজন এবং সংঘর্ষে সদরপুরে একজন নিহত হয়েছে।

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সালথায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়ন পুরুরা রোডে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উর্মিলা মালো (৫০) নামের নছিমনের এক যাত্রী মারা যান। তিনি তুগোলদিয়া গামের কালিদাশ মালোর স্ত্রী। দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেলের চালক হাসমত আলী (১৬), নছিমনের যাত্রী ঈমান মাতুব্বার (৪৫) ও ইউসুফ মাতুব্বর (৫৫)। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গতকাল বিকেলে সোনাপুর ইউনিয়নের মোকারমোড় নামক স্থানে ট্রাক ও নছিমনের সংঘর্ষে নছিমনের যাত্রী আলমগীর মোল্লা (৬০) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। তিনি সালথার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি গ্রামের মৃত মনসুর মোল্লার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন জানান, এ ব্যাপারে সালথা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু 

ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী গ্রামে কুমার নদের পানিতে ডুবে ইসমাইল শেখ (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ দুপুরে এ ঘটনাটি ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু তালেব জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কুমার নদের পানিতে গোসল করতে নেমে বৃদ্ধ ইসমাইল শেখ পানিতে তলিয়ে যান। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিত্সক সাবিকুন্নাহার তাঁকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে একজন নিহত

বাড়ির সীমানাপ্রাচীর দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চরমানাই ইউনিয়নের চর আড়িয়ালখাঁ গ্রামে ওমর আলী মুন্সী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চরমানাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ওমর আলী মুন্সী ও প্রতিবেশী নুরু মুন্সীর মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে ওমর আলী মুন্সী ও তাঁর  ছেলে জাফর মুন্সী (৩৫) বিরোধপূর্ণ জমিতে বাঁশ দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণ করতে যান। এ সময় প্রতিপক্ষ নুরু মুন্সীর (৪৮) লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ওমর আলী মুন্সী ঘটনাস্থলেই লাঠির আঘাতে নিহত হন। এ ঘটনায় তাঁর ছেলে জাফর মুন্সী আহত হন। আহত জাফরকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলী বিশ্বাস বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।