ফরিদপুর পৌরসভার এক কর্মচারী গতকাল সোমবার ট্রাকের চাপায় নিহত হয়েছেন। নরসিংদী সদর, রংপুরের পীরগাছা ও সিলেটের বালাগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছে।ফরিদপুর: সদর হাসপাতালের সামনে সড়ক পার হওয়ার সময় গতকাল সোমবার ট্রাকচাপায় ফরিদপুর পৌরসভার কর আদায়কারী ইব্রাহিম খান ওরফে মুসা (৩৫) নিহত হন। তাঁর বাড়ি শহরের আলীপুর এলাকার আলাউদ্দিন খাঁ সড়কে। ওই দিনই পুলিশ ট্রাকচালককে গ্রেপ্তার করে।ভৈরব (কিশোরগঞ্জ): ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সদর উপজেলার শীলমান্দী এলাকায় গতকাল কাভার্ড ভ্যানের চাপায় সুমন মিয়া (৩০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হন। নিহত সুমন সদর উপজেলার শীলমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেনের ছেলে। তাঁর বাড়ি বাবুরহাট এলাকায়।পীরগাছা (রংপুর): রংপুর-সুন্দরগঞ্জ মহাসড়কের পীরগাছার সুবিদ নামক এলাকায় গত রোববার একটি মোটরসাইকেল একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে ভ্যানচালক আলতাব হোসেন (৪০) নিহত হন। বালাগঞ্জ (সিলেট): ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জ উপজেলার তাজপুর বাজার এলাকায় রোববার একটি যাত্রীবাহী বাসের চাপায় গোরান মিয়া (১২) নামে এক শিশু নিহত হয়। সে হবিগঞ্জ সদর উপজেলার ইকরাম গ্রামের মানউল্যার ছেলে।গোপালগঞ্জ: গোপালগঞ্জে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের বাইপাস গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ওই যুবককে একটি দ্রুতগামী মালবোঝাই ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।