ফরিদপুরে প্রকৌশলী এক ঘণ্টা অবরুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রমিক-কর্মচারী লীগের নেতা ও কর্মচারীরা গতকাল রোববার ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনিল চন্দ্র হালদারকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও র‌্যাব এসে তাঁকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুন্নবীর নেতৃত্বে ১০-১২ জন শ্রমিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভবনের দোতলায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কক্ষে ঢুকে দরজা আটকে দেন। তাঁরা পাংশা থেকে শ্রমিক লীগের সদস্য আবুল হোসেন নামে এক ইলেকট্রিশিয়ানকে বদলি করার প্রতিবাদ জানান। এক ঘণ্টা পর পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকেরা চলে যান। প্রকৌশলী অনিল চন্দ্র হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।শ্রমিক-কর্মচারী লীগের নেতা এস এম শহীদুন্নবী জানান, এ জাতীয় কোনো ঘটনা বিদ্যুৎ ভবনে ঘটেনি। ওই সময় তিনি অফিসে নিজের কক্ষে ছিলেন দাবি করে বলেন, অফিসে পুলিশ ও র‌্যাব এসেছিল, তবে তারা কেন এসেছিল, আমি জানি না।