ফরিদপুরে প্রতারণার অভিযোগে ডিবির এসআইসহ গ্রেপ্তার ১০
প্রতারণার অভিযোগে ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে গতকাল বুধবার সকালে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক উপপরিদর্শকসহ (এসআই) ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি গুলিভর্তি দুটি ম্যাগাজিনসহ দুটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ওয়্যারলেস সেট ও ১০টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ধোপাপাড়া গ্রামের মজনু মোল্লা (৪২) ও ওহিদ মোল্লা (৪০), ঢাকার নবাবগঞ্জ উপজেলার চরচরিয়া গ্রামের মো. নাছির মাঝি (৪২), মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামের মো. ইস্রাফিল হোসেন ওরফে রানা (৪৮), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরেরচর গ্রামের মো. আবু বকর সিদ্দিক (৪০), একই উপজেলার বালিয়াহাটি গ্রামের মো. ফারুক খান (৪০), চাঁদপুর সদর উপজেলার চাপিলা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন শেখ (৩৬), কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের শাহ আজিজুর রহমান ওরফে মঞ্জু (৪৩), ভোলার লালমোহন উপজেলার পেশকার হাওরা গ্রামের মো. হুমায়ুন কবির (৩২) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার তিরিশ গ্রামের মো. ইসমাইল হোসেন ওরফে ইকবাল (৩৫)।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মজনু মোল্লা রাজবাড়ী জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) এবং ওহিদ মোল্লা পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল। দুই বছর আগে ঢাকার রাজারবাগে ট্রাফিক পুলিশে কর্মরত অবস্থায় ছিনতাইয়ের অভিযোগে তাঁর চাকরি চলে যায়।র্যাব-৮-এর সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সরফরাজ ওবায়েদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি, প্রতারণা ও ছিনতাই করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদের মধ্যে সাতজন গত মঙ্গলবার ঢাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে রাজবাড়ীতে পৌঁছান। এরপর রাজবাড়ী রেলস্টেশনসংলগ্ন একটি হোটেলে তাঁরা রাত কাটান। গতকাল খুব সকালে আরও তিনজন যোগ দেন তাঁদের সঙ্গে। এরপর সকাল সাতটার দিকে তাঁরা মাইক্রোবাসটি নিয়ে বের হন। তাঁদের উদ্দেশ্য ছিল ঝিনাইদহ জেলা ব্র্যাক অফিস থেকে প্রায় ৪০ লাখ টাকা কালীগঞ্জ উপজেলা ব্র্যাকের অফিসে পাঠানোর সময় তা ছিনতাই করা। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে আটটার দিকে মধুখালী উপজেলার আড়পাড়ার কামারখালী ব্রিজসংলগ্ন টোল অফিসের সামনে র্যাবের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।গতকাল বিকেলে র্যাব-৮-এর ফরিদপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর সাব্বির বলেন, ‘৪ মার্চ প্রতারক দলটি ডিবি পুলিশ পরিচয় দিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় দুই ব্যক্তিকে আটক করে ২৪ হাজার আদায় করে। ওই সময় রাজবাড়ী র্যাব ক্যাম্প অভিযান চালিয়েও প্রতারক দলটিকে গ্রেপ্তার করতে পারেনি। তবে দলটির গতিবিধি সম্পর্কে খোঁজখবর নেওয়া অব্যাহত থাকে। এরই ভিত্তিতে আজ (বুধবার) তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’তবে ডিবির এসআই মজনু মোল্লা সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি দলের অন্য কাউকে চেনেন না। খুলনা যাওয়ার জন্য যাত্রী হিসেবে তিনি ওই মাইক্রোবাসে উঠেছিলেন।তবে মজনুর বক্তব্যের বিরোধিতা করে দলের অপর সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, মজনু তাঁদের দলেরই সদস্য। ৪ মার্চ প্রতারণা করে নেওয়া টাকার ভাগ তিনিও পেয়েছেন।রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. বেল্লাল কাজী প্রথম আলোকে বলেন, ‘মজনু দুই বছর ধরে রাজবাড়ী ডিবিতে কর্মরত। গত মঙ্গলবার বিকেল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি ছুটি নেননি বা তাঁকে সরকারি কোনো কাজেও পাঠানো হয়নি। আজ (বুধবার) সকাল নয়টায় তিনি কর্মস্থলে না এলে তাঁর বাড়িতে লোক পাঠিয়ে জানা যায়, বাড়িটি তালা দেওয়া রয়েছে। মুঠোফোনে ফোন করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।’মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জানান, এ ব্যাপারে র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. হাশেম ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছেন। তাঁদের মধুখালী থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।