ফরিদপুরে প্রতারণার চেষ্টা, তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) নাম ভাঙিয়ে প্রতারণা করার সময় গতকাল বুধবার দুপুরে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপরে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই তরুণের নাম মোহব্বত আলী মিয়া (৩২)। তিনি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের মৃত মকবুল আলীর ছেলে।এসপির কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ওই তরুণ প্রধানমন্ত্রীর এপিএস পাঠিয়েছেন বলে পরিচয় দিয়ে এসপি জামিল হাসানের সঙ্গে দেখা করেন। আজ বৃহস্পতিবার ফরিদপুর পুলিশ লাইনসে কনস্টেবল পদে যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পদে আলফাডাঙ্গা উপজেলার একটি ছেলেকে নেওয়ার জন্য তিনি এসপিকে চাপ দেন। এ সময় প্রধানমন্ত্রীর এপিএসের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তিনি কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার কথা বলে কাউকে পাঠাননি। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, ‘ওই তরুণের দেহ তল্লাশি করে এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।’ প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর প্রথম আলোকে বলেন, ‘কেউ কারও নাম ভাঙিয়ে পরিচয় দিলে বা ফোন করলে তাতে ভরসা না করে যথার্থভাবে যাচাই-বাছাই করে দেখা হলে এভাবেই প্রতারকদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’