ফরিদপুরে প্রতিরোধের মুখে ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে পড়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। পরে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে তাঁদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে কার্যালয় ত্যাগ করেন। গতকাল বুধবার দুপুরে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে এ ঘটনা ঘটে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শহরের তিতুমীর বাজার ও শরীয়তুল্লাহ বাজারে অভিযান চালান। আদালত তিতুমীর বাজারের শংকর স্টোর থেকে ৩৯৪টি কোডিংযুক্ত এনার্জি ড্রিংক জব্দ করেন। এ সময় ব্যবসায়ী শংকর সরকারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদালত শরীয়তুল্লাহ বাজারে কার্বাইড মেশানো কিছু কলা কুমার নদে নিক্ষেপ করেন। এরপর বাজারের উত্তর দিকে একটি মুরগির দোকানে মরা মুরগি ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ওই দোকানের মালিক জামাল শেখকে আটক করেন। আদালত বাজারের পশ্চিম পাশে গোবিন্দ স্টোর থেকে দুই কার্টুন এনার্জি ড্রিংক জব্দ করেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের কথা-কাটাকাটি হয়।প্রত্যক্ষদর্শী সালামত হোসেন খান জানান, একপর্যায়ে শরীয়তুল্লাহ বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান চিৎকার শুরু করেন। তিনি দোকানপাট বন্ধ করে সব ব্যবসায়ীকে প্রতিরোধের আহ্বান জানান। ব্যবসায়ীরা এগিয়ে এলে ভ্রাম্যমাণ আদালত আটক করা জামাল শেখকে ছেড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর বেলা দেড়টার দিকে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে বাজার কমিটির নেতারা ফরিদপুরের জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।শরীয়তুল্লুহ বাজারের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। তারা মাঝেমধ্যে আবোলতাবোল কাজ করেন। এ জন্য ব্যবসায়ীরা ক্ষিপ্ত ছিলেন।’ ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, সরকারি সিদ্ধান্ত মেনেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কোডিংযুক্ত এনার্জি ড্রিংক বিক্রি, কার্বাইড দিয়ে কলা পাকানো ও মরা মুরগি বিক্রি বন্ধের জন্য অভিযান চালানো হয়েছিল।