ফরিদপুরে প্রথম আলোর বিরুদ্ধে করা দুটি মামলা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীর সোহেলের বিরুদ্ধে ফরিদপুরে দায়ের হওয়া দুটি মানহানির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে ফরিদপুরের আদালতে বিচারাধীন ওই মামলা দুটি অন্য আদালতে বদলির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গত বছরের ২২ অক্টোবর ‘ফরিদপুরে মন্ত্রীর ভাই-ই সব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। এতে মানহানি হয়েছে অভিযোগ করে গত ২৩ অক্টোবর খন্দকার মোহতেশাম হোসেন (বাবর) ও মো. খাইরুদ্দিন (মিরাজ) ফরিদপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম (১ নং আমলি আদালত) আদালতে পৃথক দুটি মামলা করেন। এ দুটি মামলায় ২১ মে হাইকোর্ট থেকে প্রথম আলোর সম্পাদক ও জ্যেষ্ঠ প্রতিবেদক জামিন পান। পরে মামলা দুটি অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে বিবাদী পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। এই আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন।