ফরিদপুরে প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে প্রথম আলোর বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। জেলার এক নম্বর আমলি আদালতের বিচারক আবদুল্লাহ আল মাসুদ গতকাল সোমবার একতরফাভাবে মামলাটি খারিজ করে দেন। প্রথম আলোয় গত ২০, ২১ ও ২২ অক্টোবর ফরিদপুরের ওপর তিনটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনগুলো প্রকাশিত হওয়ায় গত ২৩ অক্টোবর ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে তিনটি মানহানির মামলা দায়ের করা হয়। মামলা তিনটির বাদী হলেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন, আওয়ামী লীগের পৌরসভার সাধারণ সম্পাদক খায়রুদ্দিন মিরাজ ও ঘাট শ্রমিক আবদুর রাজ্জাক। মোহতেশাম হোসেন ও খায়রুদ্দিন মিরাজ আরজিতে দৈনিক প্রথম আলোয় তাঁদের নামে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশের অভিযোগ করেন। যথাক্রমে পাঁচ কোটি ও এক কোটি টাকার মানহানির অভিযোগ করেন। উভয় মামলাতেই প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান এবং নিজস্ব প্রতিবেদক তানভীর সোহেলকে আসামি করা হয়। আদালত প্রথম দুটি মামলা আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। ওই একই দিন ঘাট শ্রমিক আবদুর রাজ্জাক তাঁর এজাহারে ওই প্রতিবেদনগুলো প্রকাশিত হওয়ায় তাঁর ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন। আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রকাশিত তিনটি প্রতিবেদনের কোথাও ওই ঘাট শ্রমিক সম্পর্কে কোনো কথা লেখা হয়নি। তাই প্রতিবেদনগুলো প্রকাশিত হওয়ায় ঘাট শ্রমিক আবদুর রাজ্জাকের কীভাবে মানহানি হলো তা শুনানির জন্য আদালত গত ৮ জানুয়ারি দিন ধার্য করেন। ওই আদালতের পেশকার মো. রাকিবুল ইসলাম বলেন, ৮ জানুয়ারি ঘাট শ্রমিক আদালতে হাজিরা দেননি। আদালত শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন ১৮ মার্চ। কিন্তু ওই দিনও ঘাট শ্রমিক হাজিরা না দিলে পরবর্তী তারিখ ধার্য করা হয় ২৭ মে। গতকাল ঘাট শ্রমিক শুনানির জন্য আদালতে হাজিরা না দিলে বিচারক আবদুল্লাহ আল মাসুদ বাদীর অনুপস্থিতিতে মামলাটি একতরফাভাবে খারিজ করে দেন।