ফরিদপুরে প্রথম আলোর সম্পাদক ও প্রতিনিধির বিরুদ্ধে মানহানির মামলা
‘রাস্তা বন্ধ রেখে শ্রমমন্ত্রীর জনসভা’ শিরোনামে প্রকাশিত সংবাদের কারণে ফরিদপুরে এবার প্রথম আলোর সম্পাদক ও প্রতিনিধির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। গত সোমবার ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম মো. মুমিনুল হাসানের আদালতে মামলাটি করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন মোল্লা।এর আগে ওই সংবাদে ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালাকে লাঞ্ছিত করেন জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক কে এম খায়রুদ্দীন মিরাজ ও তাঁর সহযোগীরা। ওই ঘটনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), আইন ও সালিশ কেন্দ্র (আসক), ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দল ও সামাজিক সংগঠন এবং সাংবাদিক নেতারা নিন্দা ও প্রতিবাদ জানান। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার প্রকাশিত ওই সংবাদের কারণে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের তিন কোটি এবং শ্রমিক লীগের নেতা শহীদ মোল্লার পাঁচ লাখ টাকার মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের পেশকার রাকিবুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে শুনানির জন্য বুধবার (আজ) দিন ধার্য করেছেন।’এ ব্যাপারে মামলার বাদী শহীদ হোসেন মোল্লা গতকাল বেলা চারটা পাঁচ মিনিটে প্রথম আলোকে বলেন, ‘আমি একটি মামলার জন্য স্বাক্ষর করেছিলাম। তবে বিষয়টি সম্পর্কে এক ঘণ্টা পরে ভালো বলতে পারব।’ তবে এক ঘণ্টা পর তাঁর মুঠোফোনে কয়েক দফা ফোন করলেও তিনি ফোন ধরেননি। টিআইবির গভীর উদ্বেগ: প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি ও ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য পান্না বালার ওপর শারীরিকভাবে আক্রমণ ও লাঞ্ছিত করার চার দিন পেরিয়ে গেলেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের উদ্যোগ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সুনির্দিষ্ট তথ্যভিত্তিক প্রকাশিত সংবাদের জের ধরে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক কর্মীরা পান্না বালাকে লাঞ্ছিত করার পর সংশ্লিষ্ট সবার, বিশেষ করে ফরিদপুর প্রেসক্লাবের জোর দাবি উপেক্ষা করে স্থানীয় প্রশাসন আইনগত ব্যবস্থা না নেওয়ায় পান্না বালাসহ ফরিদপুরের সাংবাদিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে, শুধু হয়রানির উদ্দেশ্যে ঘটনার খলনায়কেরা প্রথম আলোর সম্পাদক ও নির্যাতিত সাংবাদিক পান্না বালার বিরুদ্ধে মানহানির মামলা করেছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষমতাদর্পী স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের চাপে প্রশাসনের নিষ্ক্রিয়তা স্থানীয় পর্যায়ে স্বাধীন সাংবাদিকতার পথকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমরা অনতিবিলম্বে সাংবাদিক পান্না বালা নির্যাতনের ঘটনার প্রভাবমুক্ত তদন্তপূর্বক দোষীদের শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।’ অন্যদের নিন্দা: মানহানি মামলার তীব্র নিন্দা জানিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘একদিকে আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলার আগ্রহ দেখানো হচ্ছে। অন্যদিকে এ জাতীয় মামলা দিয়ে সৎ সাংবাদিকতার পরিবেশ নষ্ট করা শুভকর ফল বয়ে আনবে না।’ তিনি ওই মানহানির মামলাকে হয়রানিমূলক আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি মুজিবর রহমান বলেন, ‘প্রথম আলোর সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আমরা নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি করেছিলাম। কিন্তু হামলার বিচার না করে ওই পত্রিকার সম্পাদক ও প্রতিনিধির বিরুদ্ধে এ হয়রানিমূলক মামলা দিয়ে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করা হলো, যা সমভাবে নিন্দনীয়।’