ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ব্যাপক হারে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফাঁস হওয়া প্রশ্ন মুঠোফোনের খুদে বার্তার পাশাপাশি প্রশ্নপত্র আকারে ফটোকপির মাধ্যমে বিক্রি হচ্ছে।
একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানায়, গত মঙ্গলবার অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্ন হুবহু মিলে যাওয়ায় তারা ভালো পরীক্ষা দিয়েছে। এদিকে নগরকান্দায় প্রশ্নপত্র ফটোকপি করার সময় গতকাল সন্ধ্যায় দুজনকে আটক করা হয়েছে।
ফাঁস হওয়া ইংরেজি দ্বিতীয় পত্রের ‘ক’ সেট ও ‘খ’ সেটের প্রশ্নপত্রের ছায়ালিপি ফরিদপুরে ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’