ফরিদপুরে পয়োবর্জ্যে বিবর্ণ কুমার নদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌরসভার তিনটি নর্দমা এসে মিলেছে কুমার নদে। এসব নর্দমা দিয়ে আসা পয়োবর্জ্য প্রতিনিয়ত মিশছে নদের পানিতে। আবার ময়লা-আবর্জনাও ফেলা হচ্ছে নদে। এতে পানি দূষিত হয়ে পড়ছে।
ফরিদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নূর আহমেদ বলেন, পৌরসভার কোনো নর্দমা সরাসরি কোনো নদ-নদী, খাল বা উন্মুক্ত জলাশয়ে সংযুক্ত করার নিয়ম নেই। যত দ্রুত সম্ভব পৌরসভা ও পৌরবাসীকে এই সংযোগগুলো অপসারণ করতে হবে।
কুমার নদের উৎপত্তি পদ্মা নদী থেকে। ফরিদপুর শহরতলির মদনখালী এলাকা থেকে ঢুকে নদটি প্রায় ৭৩ কিলোমিটার দূরে গোপালগঞ্জের সেনদিয়া ঘাট এলাকায় বিলরুট খালে গিয়ে মিশেছে। কুমার নদ ফরিদপুর শহরের প্রাণ। এই শহরের বাসিন্দারা গোসল, রান্নাসহ গৃহস্থালির নানা কাজে নদের পানি ব্যবহার করে। কৃষিজমিতে সেচ দেওয়ার ক্ষেত্রেও এই নদের গুরুত্ব অপরিসীম।
তিতুমীর বাজারসংলগ্ন শিবমন্দির এলাকায় বাজারের সব ময়লা কুমার নদ ও নদের পাড়ে ফেলতে দেখা যায়। পৌরসভার পাইপ দিয়ে পয়োবর্জ্য এসে মিশছে নদে। শিবমন্দিরের দক্ষিণ পাশে বাঁধানো ঘাটলার পাশে বাজারের যাবতীয় বর্জ্য ফেলা হচ্ছে। দুর্গন্ধে নিশ্বাস নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।
সেখানে গোসল করতে আসা নওগাঁর শ্রমিক বাবু পাহান প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার পাইপ দিয়ে মলমূত্র এসে নদে পড়ে। এর মধ্যেই আমাদের গোসল করতে হয়। নাকমুখ চেপে ধরে ডুব দিই।’
বাজারের আরেক শ্রমিক ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চর রশিপুর গ্রামের মোহাম্মদ আলী বলেন, ‘প্রতিদিন ছয় শতাধিক মানুষ এই ঘাটে এসে গোসল করে। এই পানিতে গোসল করে আমার গায়ে চুলকানি হয়েছে। মাঝেমধ্যে নদীতে মাছ মরে ভেসে ওঠে।’
ওই এলাকার একতা আবাসিক হোটেলের মালিক মন্টু সূত্রধর বলেন, ‘নদে ও তীরে ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলায় আমরা খুব সমস্যায় আছি। এ ব্যাপারে পৌরসভা ও ব্যবসায়ীদের সঙ্গে দেনদরবার করেও কোনো ফল পাইনি।’
তিতুমীর বাজার, লালন বস্তি ও চর কমলাপুর এলাকায় পৌরসভার তিনটি নর্দমা দিয়ে পয়োবর্জ্য নদে পড়ছে। পৌরসভার অনেক বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সরাসরি ওই নর্দমাগুলোর সঙ্গে যুক্ত। এ ছাড়া শরীয়তুল্লাহ বাজার এলাকার মুরগি, খাসি, গরু ও মাছের বর্জ্য অবাধে ফেলা হচ্ছে এই নদে।
২০১৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুর পৌরসভা ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যৌথভাবে ২৫ হাজার বাড়ির মধ্যে থেকে ৮০০ বাড়ির সেপটিক ট্যাংকের ওপর জরিপ করে। ওই জরিপ থেকে দেখা যায়, বাসাবাড়ির ৪৫ শতাংশ পরিবার কখনোই সেপটিক ট্যাংক পরিষ্কার করেনি। এর মধ্যে ৫৬ শতাংশ পরিবারের পয়োলাইন সরাসরি পৌরসভার নর্দমার সঙ্গে যুক্ত রয়েছে। ওই সময় অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিপ করে দেখা যায়, ১৯ শতাংশ প্রতিষ্ঠান কখনোই সেপটিক ট্যাংক পরিষ্কার করেনি। এসব ট্যাংকের সংযোগ সরাসরি পৌরসভার নর্দমার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের ঝিলটুলী মহল্লার একজন বাসিন্দা বলেন, জায়গার অভাবে সেপটিক ট্যাংক করতে পারেননি। তাই তিনি বাড়ির পয়োলাইন পৌরসভার নর্দমার সঙ্গে যুক্ত করে দিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, পৌরসভার নর্দমার সংযোগ সরাসরি নদের সঙ্গে হতে পারে না। নর্দমার পানি শোধন করে নদে ফেলা যেতে পারে। কিন্তু তা না করে পৌরসভা সরাসরি নর্দমার পানি নদে ফেলছে।
পৌর মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘আমরা উপায়হীন হয়ে নর্দমার পানি নদে ফেলছি। তবে আমাদের পরিকল্পনা আছে নর্দমার মুখে আলাদা রিজার্ভার নির্মাণ করে পানি রিফাইন (শোধন) করার।’ তিনি আরও বলেন, পৌরসভা ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন যৌথ উদ্যোগে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ইউকেএইডের আর্থিক সহায়তায় বৈজ্ঞানিকভাবে পয়োবর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া যেসব গ্রাহক স্যুয়ারেজের সংযোগ সরাসরি পৌরসভার নর্দমার সঙ্গে যুক্ত করে দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।