ফরিদপুর শহরে গতকাল সোমবার ফরমালিন মেশানো ৪০ হাজার পাকা কলা জব্দ করে নষ্ট করা হয়েছে। ফরমালিন মেশানোর দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে তাৎক্ষণিক তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠান ভ্রাম্যমাণ আদালত।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন শহরের গুড় বাজার এলাকার কলা গুদামের মালিক শহরের বায়তুল আমান এলাকার মো. মাসুদ (২৫) ও অপর গুদামের কর্মচারী শোভারামপুর এলাকার মো. জুলহাস (২৫)।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মাহমুদ জানান, সকাল ১০টার দিকে ফরমালিন মেশানোর সময় র্যাব সদস্যরা গুড় বাজার এলাকার মাসুদ ও মো. রবের দুটি আড়ত থেকে ৪০ হাজার পাকা কলা জব্দ করেন। এ সময় মাসুদ ও জুলহাসকে আটক করা হয়। মাসুদের সহযোগী বিল মাহমুদপুরের বাবুল ও আড়তের মালিক মো. রব পালিয়ে যান।র্যাব কর্মকর্তা জানান, ফরমালিনযুক্ত কলা আটকের খবর পেয়ে সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান ও শামীমা খন্দকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাঁদের সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) জেলা পরিদর্শক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।বিএসটিআইয়ের কর্মকর্তা মিজানুর জানান, জব্দ করা কলার বেশির ভাগই সাগর কলা। তবে কিছু সবরি কলাও রয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, ফরমালিনসহ গ্রেপ্তার মাসুদ ও জুলহাসকে বিশুদ্ধ খাদ্য আইনের ৬ এর (১) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।আট মুদি দোকানিকে জরিমানা: সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের টেপাখোলা বাজার এলাকায় সহকারী কমিশনার তারিকুল ইসলাম ও শামীমা খন্দকারের যৌথ নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল দ্রব্য বিক্রির দায়ে আটটি মুদি দোকানের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেন।