ফরিদপুরে ফসলি জমি ও রাস্তা নদীতে বিলীন
ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলায় পদ্মার ভাঙনে গত পাঁচ দিনে চার একর ফসলি জমি ও ২০ ফুট রাস্তা বিলীন হয়ে গেছে।
সদর উপজেলার পূর্ব আলীয়াবাদের গদাধরডাঙ্গি থেকে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের পশ্চিম পাড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে এ ভাঙন চলছে।
পূর্ব আলীয়াবাদের আনন্দ চন্দ্র মণ্ডল জানান, গত রোববার থেকে ভাঙন শুরু হয়েছে। সাইনবোর্ড থেকে গজারিয়া যাওয়ার রাস্তার ২০ ফুট ভেঙে নদীতে চলে গেছে। সাইনবোর্ড এলাকার শেখ জয়েনউদ্দিন জানান, ভাঙনে নদীপাড়ের ফসলি জমি, তিল ও বাদামের খেত, বাঁশঝাড়, নারকেল ও সুপারিগাছ বিলীন হয়ে গেছে।
আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান জানান, পাঁচ দিনে চার একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক জানান, জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে সড়ক ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
গাজীরটেক ইউপির চেয়ারম্যান আজিজুল হক জানান, ভাঙন রোধে এখনই ব্যবস্থা নেওয়া না হলে হাজীগঞ্জ বাজারসহ স্থানীয় লোকজনের বসতঘর ও ফসলি জমি রক্ষা করা যাবে না। গাজিরটেক ইউনিয়নের চর হোসেনপুর গ্রামের আবুল প্রামাণিক বলেন, নদীর পাড়ের ফসলি জমির বিশাল বিশাল খণ্ড ধসে পড়ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মতিন সরকার বলেন, ‘আমি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। আলীয়াবাদের গদাধরডাঙ্গি পর্যন্ত নদীর তীর সংরক্ষণের কাজ হয়েছে। পরে সাইনবোর্ড পর্যন্ত আরও এক হাজার ১০০ মিটার অংশে কাজ করা হবে। তবে বর্ষাকালের আগে ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।’