ফরিদপুরে বন্যা, ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে মানুষ
ফরিদপুর সদরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। খোলা হয়েছে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র। গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ভাজনডাঙ্গা এলাকায় পদ্মা নদী থেকে ভুবনেশ্বর নদে পানি ঠেকানোর বাঁধটির একাংশ গতকাল শুক্রবার সকালে ধসে পড়ে। পরে এলাকাবাসী বালুর বস্তা দিয়ে ধসে যাওয়া অংশ মেরামত করে। এ ছাড়া কাদেরের বাজার এলাকায় ফরিদপুর-চরভদ্রাসন সড়কের একাংশ বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যা দুর্গতদের রোগ প্রতিরোধে দুটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্র থেকে পানি বিশুদ্ধকরণ বড়ি ও ডায়রিয়া প্রতিষেধক ওষুধ দেওয়া হচ্ছে। একই উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামের আসমা বেগম দুর্ভোগের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘সবচেয়ে সমস্যা হচ্ছে বাথরুম আর রান্না করা নিয়ে। চৌকির ওপর আলগা চুলা নিয়া রান্না করা লাগছে।’ একই গ্রামের আবদুর রাজ্জাক বলেন, ‘গত ১০ দিন ধইরা পানিবন্দী হইয়া আছি। মরলাম না বাঁচলাম কেউ কোনো খোঁজ নেয় না।’ নর্থ চ্যানেল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, ইউনিয়নের সাত হাজার পরিবার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। চরধোলাই ও নর্থচ্যানেল ইউপি কার্যালয়ে স্থাপিত দুটি আশ্রয়কেন্দ্রে মোট ৯০টি পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে। চরমাধবদিয়া ইউপির চেয়ারম্যান তুহিন রহমান বলেন, সমগ্র ইউনিয়ন বন্যার পানিতে ভাসছে। দুর্গত মানুষের আশ্রয়ের জন্য খলিল মণ্ডলের হাট আশ্রয়কেন্দ্র, চর বালুধুম আশ্রয়কেন্দ্র ও ১১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র তিনটি চালু করা হয়েছে। ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান বলেন, ‘আমি এবং জেলা প্রশাসক গতকাল শুক্রবার সকালে বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে বন্যা পরিস্থিতি দেখেছি। মেডিকেল টিম চালু করা হয়েছে। দুর্গতরা বেড়িবাঁধ বা আশ্রয়কেন্দ্রে উঠতে চাইলে সহযোগিতা করা হবে।’ এদিকে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদে পানি বাড়ায় ৭০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। একই সঙ্গে কয়েকটি গ্রামের শতাধিক পরিবার এখন পানিবন্দী। উপজেলার চন্দ্রপাড়া ঘাটের কাছে পাউবোর বাঁধের সামনের দিকের কিছু অংশ ভাঙনের উপক্রম হয়েছে। সদরপুরের ইউএনও লোকমান হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। দুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানদের তালিকা করতে বলা হয়েছে।’ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ফরিদপুরে বন্যার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও পরিস্থিতি মোকাবিলায় সব বিভাগকে নিয়ে আগামী ১ অক্টোবর সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে জরুরি সভা আহ্বান করা হয়েছে।