ফরিদপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল
ফরিদপুরে পদ্মা নদীর পানি অস্বাভাবিক গতিতে বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দিয়েছে। ওই ফাটল দিয়ে পানি গড়িয়ে নামছে। পদ্মার তীর সংরক্ষণ বাঁধের আনুমানিক ৩০ ফুট অংশ ধসে পড়েছে। গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় আরও ২৪ সেন্টিমিটার বেড়েছে। আজ বুধবার সকাল ছয়টার দিকে বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বলে পরিচিত গোয়ালন্দ-তাড়াইল সড়কের নিচে ফাটল দেখা দিয়েছে। ফাটল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে পানিপ্রবাহের এ বিষয় এলাকাবাসীর নজরে আসে। পরে ওই ফাটল মেরামতের উদ্যোগ নেয় ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আজ দুপুর পর্যন্ত এ পানিপ্রবাহ রোধ করা যায়নি। আগের চেয়ে পানিপ্রবাহ বেড়ে গেছে।
ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের বালিয়াঘাট এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের অন্তত ৩০ ফুট ধসে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ওই এলাকার বাসিন্দা বিলকিস বেগম বলেন, ‘কখন পদ্মার পাড়ের আরও অংশ ভেঙে আমার বাড়ি-ঘর ধইসা পড়ে, সে ভয়ে সারা রাইত ঘুমাইতে পারি না।’
দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ শেখ বলেন, দুদিন ধরে নদীর তীর সংরক্ষণ বাঁধের অন্তত ৩০ ফুট ধসে গেছে। ওই এলাকায় বসবাসরত ১৩টি পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে।
ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, মোহাম্মদপুর বাজারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফাটল মেরামতের চেষ্টা চলছে। ওই বাঁধের ৪০ মিটার অংশ বাঁশের পাইলিং দিয়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। বালিয়াঘাট এলাকায় নদীর তীরের সংরক্ষণ বাঁধের অংশবিশেষ ধসে পড়ার বিষয়টি তাঁর জানা নেই। সরেজমিনে পরিদর্শন করে এ ব্যাপারে তিনি কার্যকর ব্যবস্থা নেবেন।
ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদেকুজ্জামান পলেন জানান, তাঁর ইউনিয়নে ১০টি গ্রামে ৩০০ পরিবার পানিবন্দী। ১০০ পরিবারের বাড়ি পানিতে নিমজ্জিত।
সদরের চরমাধবদিয়া ইউনিয়নে ৪০টি গ্রামের চার হাজার পরিবার পানিবন্দী। ২০০ পরিবারের বাড়িঘর নিমজ্জিত। পানিতে তলিয়ে গেছে ২৬টি সড়ক। সদরের আলীয়াবাদ ইউনিয়নের দুটি গ্রামে ২৫০ পরিবার পানিবন্দী এবং শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে নিমজ্জিত।
ফরিদপুর সদরের পদ্মার চর-অধ্যুষিত নর্থ চ্যানেল ইউপির চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, তাঁর ইউনিয়নের দুটি ওয়ার্ডের ১২টি গ্রামের দুই হাজার পরিবার পানিবন্দী।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান বলেন, ‘ফরিদপুর সদর উপজেলায় আজ থেকে বন্যা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। আমরা বর্তমানে পানিতে নিমজ্জিত ও পানিবন্দী পারিবারসমূহের তালিকা তৈরি করছি। জেলা প্রশাসকের নির্দেশ পাওয়া গেলে ত্রাণ তৎপরতা শুরু করা হবে।’
গাজীরটেকের ইউপির চেয়ারম্যান মো. ইয়াকুব আলী বলেন, গত কয়েক দিনের পানি বাড়ার কারণে ১০ গ্রামের প্রায় ২০০ বাড়ি পানিতে নিমজ্জিত ও পানিবন্দী ৩০০ পরিবার। স্রোতের মুখে রয়েছে হাজিগঞ্জ বাজার।
হরিরামপুরের ইউপির চেয়ারম্যান আমীর হোসেন বলেন, তাঁর ইউনিয়নের চারটি গ্রামের ২০০ পরিবার পানিবন্দী। ১৫০ পরিবারের বাড়িঘর পানিতে নিমজ্জিত। দুটি কালভার্টসহ কাঁচা-পাকা ১০টি রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সদর ইউপির চেয়ারম্যান আজাদ খান বলেন, আট গ্রামের ২০০ পরিবার পানিতে নিমজ্জিত। ২৫০ পরিবার পানিবন্দী। তিনি জানান, বেড়িবাঁধের বাইরে থাকা মানুষ খুবই মানবেতর জীবন যাপন করছে।
চরঝাউকান্দা ইউপির চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানান, তাঁর ইউনিয়নের সাত গ্রামের প্রায় ৩০০ পরিবার পানিতে নিমজ্জিত। ১৫০ পরিবার পানিবন্দী।
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া, চরমানাইর, চরনাসিরপুর ও ঢেউখালী ইউনিয়নের ২৬টি গ্রাম বন্যাকবলিত। পানি বাড়ার পাশাপাশি দুটি নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে চরমানাইর ইউনিয়নের চরনাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরবন্দর খোলা নাদেরিয়া মাদ্রাসা-মসজিদ। এলাকাবাসীর সহযোগিতায় চরাঞ্চলের বড় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
দিয়ারা নারিকেলবাড়িয়ার ইউপির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, ইউনিয়নের মোট ২৫টি গ্রামের ৯০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ওই ইউনিয়নের লাল মিয়া সরকারকান্দি, মফিজ উদ্দিন সরদারকান্দি ও ওমেদ আলী দেওয়ানকান্দি গ্রামে নদীর ভাঙনে ১২০টি পরিবার ক্ষতিগ্রস্ত।
চরমানাইয়ের ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী জানান, নদীর তীব্র ভাঙনে ইউনিয়নের গিয়াসউদ্দিন ফকিরকান্দি, হাজারী হাজিরকান্দি, আদেল উদ্দিন মোল্যারকান্দিসহ ৪টি গ্রামে ১৫০টি পরিবার ভাঙন ও পানিবন্দী হয়ে পড়েছে।
ঢেউখালী ইউপির চেয়ারম্যান মো. ওমর ফারুক ব্যাপারী জানান, হঠাৎ করে নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নদীর পাড়ের কয়েকটি গ্রামে অনেক ক্ষতি হয়েছে। ইউনিয়নের রামসুন্দরডাঙ্গী, চরবলাশিয়া, চন্দ্রপাড়া, হাওলাদারকান্দি, মুন্সীরচর গ্রামে ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার। পানিবন্দী ৪০০ পরিবার।
চরনাসিরপুরের ইউপির চেয়ারম্যান মো. আক্কাচ আলী জানান, ইউনিয়নের ৩৪টি গ্রাম বন্যাকবলিত। পানিবন্দী দুই হাজার পরিবার। নদীর ভাঙনে ২৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত।
গতকাল সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু এহসান মিয়া জানান, বন্যা ও ভাঙনকবলিত ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। জরুরিভাবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে বন্যাকবলিত মানুষের জন্য সাহায্য চেয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে। তবে বন্যার্ত মানুষের জন্য জরুরি প্রয়োজনে চরনাসিরপুর ইউনিয়নের একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় ফরিদপুর সদরের পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ২৯টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে জানান, ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুরের ২৯টি স্কুল নিমজ্জিত হওয়ায় গতকাল থেকে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ফরিদপুর সদরের পাঁচটি বিদ্যালয়ে চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।