ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি

পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফরিদপুরে সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে। পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার জানান, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ছয়টা পর্যন্ত) গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সদর উপজেলার সিঅ্যান্ডবি ঘাট-গোলডাঙ্গী সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
সদরের চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিনুর রহমান জানান, ইউনিয়নের বাঘেরটিলা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে পানি ওঠায় বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছে।
সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, তিনটি ইউনিয়নের সার্বিক অবস্থা খুব খারাপ।
চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন জানান, উপজেলার প্রায় ২০০ একর জমির উঠতি আমন ধান তলিয়ে গেছে। উপজেলায় ৫০০ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। উপজেলা সদরের বালিয়াডাঙ্গী-ফাজিল খাঁরডাঙ্গী সংযোগ বেড়িবাঁধের দুটি স্থানে ধসে গেছে।