ফরিদপুরে বন্যায় ৫ কোটি টাকার ফসল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সাম্প্রতিক বন্যায় প্রায় ৫ কোটি টাকার ফসল বিনষ্ট হয়েছে। ফরিদপুরের নয়টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলা আংশিক বা সম্পূর্ণ বন্যাকবলিত হয়। এর ফলে ২ হাজার ১ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ হাজার ৮০২ জন কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ খবর জানা গেছে। গত সোমবার ওই অধিদপ্তর থেকে বন্যায় ক্ষয়ক্ষতির একটি বিবরণ তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জি এম আবদুর রউফ স্বাক্ষরিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্যা ও বৃষ্টিতে ফরিদপুরের ছয়টি উপজেলায় ২ হাজার ১ একর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এর মধ্যে ৫৭৬ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৪২০ হেক্টর জমির ফসল। আংশিক ক্ষতিসহ মোট ক্ষতি হয়েছে ৯৭৯ হেক্টর। এর ফলে মোট ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৬২ মেট্রিক টন ফসল। এ হিসাবে টাকায় মোট ক্ষতির পরিমাণ ৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা।