ফরিদপুরে বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় শ্রীঅঙ্গনের উত্তর পাশে ও হাউজিং সোসাইটির আবাসনের দক্ষিণ পাশে মুজিব সড়কের মাইক্রোস্ট্যান্ড-সংলগ্ন সড়ক বিভাগের মালিকানাধীন একটি বড় আকারের ডোবায় বর্জ্য ফেলছে পৌরসভা। এতে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লি, হাউজিং এস্টেট, রঘুনন্দনপুর ও গোয়ালচামট মহল্লার খোদাবক্স সড়কসংলগ্ন এলাকার দুই সহস্রাধিক পরিবার ও দেড় শতাধিক ব্যবসায়ী।
সরেজমিনে গেলে এলাকাবাসী তাঁদের দুর্ভোগের কথা জানান। খোদাবক্স সড়ক এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘বাড়িতে পরিবার নিয়ে মহা সংকটের মধ্যে রয়েছি। ঠিকমতো ভাত খেতে পারি না। খেতে বসলে বমি আসে, শ্বাস নিতেও কষ্ট হয়।’
হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘আগে গন্ধ কম ছিল, তখন আমার খাবার হোটেলে ক্রেতা আসত। কিন্তু ছয় মাস ধরে দুর্গন্ধের তীব্রতা বেড়ে যাওয়ায় দোকানে ক্রেতা আসা একপ্রকার বন্ধ হয়ে গেছে।’
গত ৫ অক্টোবর কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলার সভাপতি শেখ ফয়েজ আহমেদ ‘ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকার বর্জ্য ও আবর্জনায় অসহনীয় জনদুর্ভোগ নিরসন’-এর দাবি জানিয়ে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলীর কাছে একটি লিখিত আবেদন করেন।
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গির আলম বলেন, ‘আমাদের মালিকানাধীন চার শতাংশ জমি ও জমিসংলগ্ন জায়গায় এ ময়লা ফেলছে পৌরসভা। এ ব্যাপারে আমাদের কাছ থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি। আমরা একাধিকবার পৌরসভাকে চিঠি দিয়ে ও মৌখিকভাবে আপত্তি জানালেও এ ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পৌরসভা।’
ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাওসার আলী মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমরা সড়ক বিভাগের ওই জায়গায় প্রায় ১৫ বছর ধরে ময়লা ফেলছি। সড়ক বিভাগ আপত্তি দিয়েছে, কিন্তু পৌরসভার কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে ওই স্থানে ময়লা ফেলতে হচ্ছে। আমরা সম্প্রতি ময়লা ফেলার জন্য আদমপুর এলাকায় তিন একর জমি কিনেছি। ওই জায়গা থেকে তাড়াতাড়িই সরে পড়ব।’