ফরিদপুরে বসতবাড়িতে ডাকাতি, আহত ৫
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গি গ্রামে বুধবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন বাড়ির গৃহকর্তা স্বর্ণকার নকুল কুমার কর্মকার ও তাঁর স্ত্রী কল্পনা রানী কর্মকার এবং প্রতিবেশী খসরু মোল্লা, বেনজির মোল্লা ও উজ্জল মৃধা। তাঁদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের (সার্কেল) এসপি কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ২০-২৫ জনের একটি ডাকাতদল বাড়ির গ্রিলের তালা কাটার পর দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদের রামদায়ের কোপে গৃহকর্তা নকুল কুমার ও তাঁর স্ত্রী আহত হন। পরে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতেরা বাড়ির সবাইকে রশি দিয়ে বেঁধে ফেলে। একপর্যায়ে তারা সিন্দুক ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে। তিনটি মুঠোফোন সেটসহ বাড়ির অন্য মূল্যবান সামগ্রীও লুট করা হয়। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসতে চাইলে ডাকাতদল শর্টগানের গুলি ছুড়ে এবং ককটেল ফাটিয়ে তাদের প্রতিহত করে।
প্রতিবেশী জাফর মোল্লা বলেন, ‘নকুল কর্মকারের পরিবারের সদস্যদের চিৎকার শুনে আমি এগিয়ে এলে ডাকাতদল শর্টগান ঠেকিয়ে আমাকে জিমিঞ্চ করে রাখে। আরেক প্রতিবেশী উজ্জ্বল মৃধা এগিয়ে এলে তাঁকে শর্টগান দিয়ে আঘাত করা হয়। লুণ্ঠিত মালামাল নিয়ে পালানোর সময় আ. গফুর মৃধা, খসরু মোল্লা ও বেনজির মোল্লা তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় ডাকাতেরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।’
ঘটনার সময় থেকে টানা পাঁচ ঘণ্টা উপজেলা বিদ্যুৎহীন ছিল। উপজেলা পল্লী বিদ্যুতের ইনচার্জ আকবর হোসেন জানান, ঘটনার সময় পরিকল্পিতভাবে উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।
চরভদ্রাসন থানার এসআই আলিমুজ্জামান বলেন, ডাকাতিকালে ব্যবহূত দুটি চাপাতি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নকুল কুমার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।