ফরিদপুরে বসেছে ছবির হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি বিক্রির জন্য ফরিদপুরে বসেছে ছবির হাট। শহরের অম্বিকা ময়দানে গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে দুদিনের এ হাট শুরু হয়েছে। এ সময়ে ক্রেতা ও দর্শকেরা ছবি কেনার পাশাপাশি দেখার সুযোগ পাবেন।
কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই দুদিনের এ হাটে ফরিদপুরের প্রবীণ ও নবীন ১১ চিত্রশিল্পীর ছবি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে ফরিদপুর আর্ট ইনস্টিটিউটের উদ্যোগে।
এ হাটে যে ১১ শিল্পীর ছবি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে তাঁরা হলেন সাজেদুল ইসলাম, এজাজ এ কবির, জিয়াউল হাসান, দেবদাস কর্মকার, রেজাউল করিম, সুমন মিয়া, রাহুল ব্যানার্জি, মেহেদি হাসান, আশিকুজ্জামান চৌধুরী, সোহাগ ও নবরাজ।
ফরিদপুর আর্ট ইনস্টিটিউটের পরিচালক সাজেদুল ইসলাম বলেন, ‘মহান বিজয়ের মাস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে ফরিদপুরে এ ছবির হাটের ব্যবস্থা করা হয়েছে। হাট মানে দামাদামি করে জিনিস কেনাবেচা, আমাদের উদ্দেশ্যও তা-ই। আমাদের প্রত্যাশা, এ হাটে ছবি কিনতে বা দেখতে আসবেন সব ধরনের মানুষ।’
দুদিনের এ হাট প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।