ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামে বাউলদের একটি আখড়া পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় এলাকার দুই ব্যক্তির নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পরানপুর গ্রামে সুভাষ বিশ্বাস নামে এক লোকের বাড়ির একটি ঘরে গড়ে তোলা হয়েছিল বাউলদের আখড়া। তিনি শিল্পকলা একাডেমি পরিচালিত বাংলাদেশ আরশিনগর বাউল সংঘের সভাপতি। পাটকাঠির বেড়া ও ছাউনি দিয়ে তৈরি ঘরটিতে নিয়মিত গানের আসর বসত।
সুভাষ বিশ্বাস বলেন, আখড়ায় বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা আসতেন। গান-বাজনা শেষে ওই ঘরেই ঘুমাতেন তাঁরা। কিন্তু দুর্বৃত্তরা ঘরটি পুড়িয়ে দিল। ঘরে হারমোনিয়াম, তবলাসহ বেশ কিছু বাদ্যযন্ত্র ছিল।
সুভাষ বিশ্বাস বলেন, ধুলদি এলাকার হাশেম শেখ ও পরানপুর গ্রামের আক্কেল আলী এই আখড়ায় নিয়মিত আসতেন। আপত্তিকর আচরণের জন্য কিছুদিন আগে তাঁদের আখড়ায় আসতে নিষেধ করা হয়। এ নিয়ে তাঁরা ক্ষিপ্ত ছিলেন। সোমবার রাতে পরানপুর বাজারে দেখা হলে হাশেম শেখ তাঁকে (সুভাষ বিশ্বাস) আখড়ার ক্ষতি করার হুমকি দেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, সুভাষের অভিযোগটি মামলা হিসেবে ধরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাউলের আখড়া পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাউল শিল্পীরা। গতকাল সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় অর্ধশত বাউল অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা এ ঘটনায় দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। পরে শিল্পীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হাতে স্মারকলিপি তুলে দেন।