ফরিদপুরে বাবার বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের এক বাবার বিরুদ্ধে তাঁর পাঁচ বছরের এক মেয়েকে পানিতে চুবিয়ে হত্যা এবং আড়াই বছরের অপর মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার পর তিনি এলাকা থেকে পালিয়ে যান। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।এ ব্যাপারে মেয়ে দুটির মা জেসমিন বেগম বাদী হয়ে বড় মেয়েকে হত্যা ও ছোট মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আবুল বাশারের (৩০) বিরুদ্ধে মামলা করেছেন। এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামকান্তপুর গ্রামের আবুল বাশারের দুই মেয়ে আসমা বেগম (৫) ও হাজেরা বেগম। আসমা পাশের বিভাগদী গ্রামে নানা আদেল মাতব্বরের বাড়িতে থাকত। গত বৃহস্পতিবার আদেলের বাড়িতে গিয়ে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসেন বাশার। গতকাল ভোরে তিনি হাজেরাকে বাজারে নেওয়ার কথা বলে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান। এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত হাজেরাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এর কিছুক্ষণ পর বাড়ির পাশের নদী থেকে আসমার লাশ উদ্ধার করা হয়।এজাহারে বলা হয়েছে, বাশার আসমাকে নদীতে চুবিয়ে হত্যার পর হাজেরাকে পুকুরে চুবিয়ে হত্যার চেষ্টা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসার উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য আসমার লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আবুল বাশারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।