ফরিদপুরে বাবার মৃতদেহ দেখে ছেলের মৃত্যু
বাবা তোতা শিকদারের (৭৫) মৃতদেহ শেষ বারের মতো দেখতে কুয়েত থেকে ছুটে এসেছিলেন ছেলে দেলোয়ার শিকদার (৪৫)। কিন্তু বাবার মৃতদেহ দেখে আর নিজেকে সামলাতে পারলেন না। বাবার লাশের পাশেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি।
গত সোমবার বিকেলে সদরপুর উপজেলা সদরের দশহাজার গ্রামে এই ঘটনা ঘটে।
সোমবার রাতে গ্রামের কবরস্থানে বাবা ও ছেলেকে একই সময়ে দাফন করা হয় পাশাপাশি দুটি কবরে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বার্ধক্যজনিত কারণে গত রোববার বিকেলে তোতা শিকদার মারা যান। তাঁর তিন ছেলেই কুয়েতপ্রবাসী। বাবার মৃত্যুর খবর পেয়ে বড় ছেলে দেলোয়ার শিকদার দেশে আসেন।
সোমবার বিকেল চারটার দিকে বাবার জানাজার প্রস্তুতির সময় দেলোয়ার বাড়িতে পৌঁছান। মৃতদেহের পাশে তিনি অঝোরে কাঁদতে থাকেন। একপর্যায়ে শোকে চিৎকার করে তিনি স্তব্ধ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। পরে জানাজা শেষে সন্ধ্যায় দশহাজার কবরস্থানে বাবা ও ছেলের মরদেহ দাফন করা হয়।
সাড়ে চার বছর ধরে কুয়েতে ছিলেন দেলোয়ার। সেখানে একটি গাড়ি মেরামতের কারখানায় কাজ করতেন তিনি।