অনটনের কারণে স্কুলশিক্ষার্থী কিশোরীকে (১৪) বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল পরিবার। প্রতিবাদ করেও ফল না পেয়ে এক সহপাঠীর উদ্যোগে স্থানীয় প্রশাসনের সহায়তায় সেই বিয়ে ঠেকিয়ে দিয়েছে মেয়েটি। এ ঘটনা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার।
এদিকে বরিশালে পরিবারের চাপে বাল্যবিবাহের শিকার আরেক স্কুলশিক্ষার্থী উপজেলা প্রশাসনের দারস্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে শ্বশুরবাড়ি না পাঠাতে পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গার ঘটনাটি গত বুধবারের। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ বছরের ওই কিশোরী পড়াশোনা করছে ভাঙ্গা পৌর এলাকার একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে। অকালে মারা গেছেন বাবা। সংসারে অভাব নিত্যসঙ্গী হওয়ায় মাসহ অন্য অভিভাবকেরা বিয়ে ঠিক করেছিলেন তার। এতে রাজি না হয়ে প্রতিবাদ করেছিল সে। কিন্তু গত বুধবার তার বিয়ের দিন ধার্য করা হয়। বাল্যবিবাহ ঠেকাতে মরিয়া কিশোরী বিষয়টি জানায় তার প্রতিবেশী সহপাঠী লায়লাকে।
পরে সহপাঠী লায়লা বুধবার সকালে (বিয়ের দিন) বিষয়টি জানায় ভাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষকে। এর কিছু পর সকাল ১০টার দিকে প্রণব কুমার ঘোষ ওই কিশোরীর বাড়ি গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
তবে বিকেলে বরযাত্রী আসে কিশোরীর বাড়িতে। খবরটি কিশোরীর সহপাঠী আবার জানালে বিকেলে ওই বাড়িতে ছুটে যান ভারপ্রাপ্ত ইউএনও। এরপর বরকে ফেরত পাঠান।
কিশোরীর মা বলেন, দারিদ্র্যের কারণেই কিশোরী মেয়েকে তিনি বিয়ে দিতে চেয়েছিলেন। গত বছর তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। পড়ার প্রতি মেয়ের অদম্য ইচ্ছার কথা তিনি জানেন। কিন্তু পড়ার খরচ চালানোর সামর্থ্য তাঁর নেই।
ইউএনও বলেন, ‘সকালে (গতকাল বৃহস্পতিবার) কিশোরী ও তার মাকে আমার কার্যালয়ে ডেকে আনি। কিশোরী জানায়, সে ক্লাসের মূল বইয়ের বাইরে সহায়ক বইগুলো কিনতে পারেনি। তাৎক্ষণিকভাবে বইগুলো কিনে দিয়েছি।’ তিনি আরও জানান, কিশোরীর বেতন মওকুফে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তার পরিবারকে সরকারের বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতামূলক কর্মসূচির আওতায় আনা হবে।
বাল্যবিবাহের শিকার স্কুলশিক্ষার্থীর পাশে প্রশাসন
বরিশালে প্রশাসনের সহায়তা চাওয়া বাল্যবিবাহের শিকার কিশোরী বানারীপাড়া উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। মেয়েটি জানিয়েছে, তার বাবা কুয়েতপ্রবাসী। ১৬ এপ্রিল তাঁর মা তাঁকে নিয়ে নোয়াখালী যান। সেখানে মো. জহিরুল ইসলাম নামের এক ছেলের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার প্রস্তুতি নেন মা ও নানা। সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে বরিশালের বাড়িতে চলে আসে। গত সোমবার এক সহপাঠীর সহায়তায় সে ইউএনও নুসরাত জাহানের কাছে যায়। জোর করে বিয়ের শিকার হওয়া অভিযোগ করে এ বিয়ে যাতে কার্যকর না হয় ও পড়াশোনা চালিয়ে যেতে পারে—সে ব্যাপারে লিখিত আবেদন করে।
ইউএনও ইসরাত জাহান বলেন, নূরজাহানের ইচ্ছা পড়াশোনা চালিয়ে যাওয়ার। সে অনুযায়ী ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নূরজাহানকে স্বামীর বাড়িতে না পাঠানোর এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে তাকে মা ও নানার জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘গতকাল মেয়েটির মাকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়ে মেয়েকে নিয়ে গেছেন। বিষয়টি আমাদের নজরদারিতে থাকবে।’