ফরিদপুরে বাস খাদে, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌর শহরের সদরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ রোববার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, আজ সকালে ঢাকা থেকে বরিশালগামী সনি পরিবহনের একটি বাস ভাঙ্গা পৌর শহরের সদরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে অজ্ঞাত পরিচয় এক বাসযাত্রী নিহত হন। আহত হন ১৬ জন যাত্রী। আহত লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইমরান জানান, গুরুতর আহত আট বাসযাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।