ফরিদপুরে বাসচাপায় চাচা-ভাতিজা নিহত
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। এর প্রতিবাদে এলাকাবাসী বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদেরð(ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পাইককান্দি গ্রামের দুলাল মোল্লার ছেলে প্রবাসী মাসুদ মোল্লা (৩৫) ও তাঁর (দুলাল) ভাই হায়দার হোসেন (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাইককান্দি সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক বাসটি দ্রুত চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ গজ দূরে রাস্তার পাশে আটকা পড়ে। তবে এতে বাসের কোনো যাত্রী হতাহত হয়নি।
একজন প্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী আটকে পড়া বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে।
ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, আগুনে বাসের সিটসহ দাহ্য বস্তুগুলো পুড়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কানাইপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আকরামুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে, তবে পুলিশ বাসটি জব্দ করেছে বলে জানান তিনি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনার পর যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে দেয়।