ফরিদপুরে বাসচাপায় শিক্ষক নিহত, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাসচাপা পড়ে নিহত হয়েছেন গোপালগঞ্জের খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাস (৫৭)। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার একটি পেট্রলপাম্পের সামনে।প্রত্যক্ষদর্শী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা তিনটি বাস নিয়ে কুষ্টিয়ায় শিক্ষা সফর শেষ করে গোপালগঞ্জ ফিরছিল। পথে বাসগুলো ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের কাছে এলে একটি বাসের চাকা ফেটে যায়। বাসটি রাস্তার পাশে একটি গ্যারেজে চাকা মেরামতের কাজ চলছিল। ওই সময় বাস থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা নিচে নেমে ঘোরাফেরা করছিলেন। রাত সোয়া ১১টার দিকে ঢাকা থেকে বরিশালগামী সাউদিয়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-০২৮৩) যাওয়ার সময় ওই স্কুলের প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাসকে (৫৭) চাপা দেয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মহাসড়কে বসে পড়ে এবং পাশ থেকে ইট এনে মহাসড়কটি অবরোধ করে। ২০ মিনিট পর পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও অবরোধ অপসারণ করেন।