ফরিদপুরে বাসের চাপায় স্কুলছাত্র নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসের চাপায় রনি সরদার (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে। সে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রনি রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। অবরোধ চলাকালে একটি বাস দ্রুত ঘটনাস্থল অতিক্রম করার সময় জিয়ামিন (২৪) নামের এক তরুণ ওই বাসের ধাক্কায় আহত হন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র।
ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই নাসির হোসেন বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।