ফরিদপুরে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
ফরিদপুরের সদর উপজেলার করিমপুর এলাকায় আজ সোমবার সকালে বাসের ধাক্কায় পুলিশের সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদিন (৪৫) নিহত হয়েছেন। সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি সেখানে টহলরত ছিলেন।
জয়নাল আবেদিনের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরদার বলেন, করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন জয়নাল আবেদিন। আজ সকালে ওই ফাঁড়ির সামনে টহল দিচ্ছিলেন তিনি। সকাল পৌনে নয়টার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী যাত্রীবাহী একটি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মহাসড়কের ওপর ছিঁটকে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ময়নাতদন্ত শেষে জয়নাল আবেদিনের লাশ তাঁর গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক বাসটি পার্শ্ববর্তী কানাইপুর বাজার থেকে আটক করা হয়েছে। চালক পলাতক।