ফরিদপুরে বাড়িঘরে ভাঙচুর নয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় নয়জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ২৩টি বাড়ি, ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি ক্লাবে ভাঙচুর ও লুটপাট করে। গত মঙ্গলবার সকালে উপজেলার শেখর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই ইউনিয়নের রায়বর গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল খায়েরের বিরোধ চলে আসছে। ৮ জানুয়ারি আবুল খায়েরের পক্ষের রেজা নামে এক ব্যক্তির ওপর আজাদের পক্ষের সমর্থকেরা হামলা চালায়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা গত রোববার জামিন পেয়ে এলাকায় ফিরে আসেন। এরপর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। গত মঙ্গলবার সকাল সাতটার দিকে আজাদের সমর্থকেরা খায়েরের দুজন সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় চারজন আহত হন। এর জের ধরে সকাল সাড়ে আটটার দিকে আবুল খায়েরের পক্ষের লোকজন আবুল কালাম আজাদের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ২১টি বাড়ি, ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও দোলভিটা বাজারে অবস্থিত শেখ রাসেল স্মৃতি সংসদে হামলা চালিয়ে ভাঙচুর করে। উভয় পক্ষের পাল্টাপাল্টি এ হামলায় মোট নয়জন আহত হন।