ফরিদপুরে বিএনপি নেতার পাটকলে অগ্নিকাণ্ড
ফরিদপুরে বিএস জুট মিলে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ হাজার ৮০০ মণ পাট। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুরে অবস্থিত ওই মিলে এ ঘটনা ঘটে।
প্রায় সোয়া ৮ একর জমির ওপর ২০০০ সালে স্থাপিত এই পাটকলে ১ হাজার ২০০ শ্রমিক কাজ করেন। পাটকলটির মালিক জেলা বিএনপির সভাপতি জহিরুল হক ওরফে শাহজাদা মিয়া। তিনি বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক রাজিব মনির জানান, বেলা দেড়টার দিকে ১ নম্বর ইউনিটের গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন দেখেই তাঁরা নেভানোর কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, ফরিদপুরের দুটি, রাজবাড়ী, ভাঙ্গার একটি করে ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তিনি বলেন, গুদামের পেছনের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। কোনো ভেন্টিলেটর না থাকায় দেয়াল ভেঙে আগুন নেভানোর কাজ করতে হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ বি এম মমতাজউদ্দিন আহমেদ বলেন, বিকেল পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পুরোপুরি নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কলের পাট ক্রয় কর্মকর্তা জহুরুল আলম বলেন, মিলের ১ নম্বর ইউনিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তিনি বলেন, আগুনে ১ নম্বর ইউনিটের দুটি, পাশের দুই নম্বর ইউনিটের দুটিসহ মোট চারটি গুদাম পুড়ে গেছে। ওই ৪টি গুদামে মোট ২২ হাজার ৮০০ মণ পাট ছিল। তিনি দাবি করেন, এর ফলে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জহিরুল হক শাহজাদা মিয়া কলকাতা থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আগুনে আমার অনেক ক্ষতি হয়েছে।’