ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফরিদপুরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর ভাইয়ের দায়ের করা মানহানির মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল মাসুদ বাদীর আবেদন আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ১ জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।আদালতের নথি সূত্রে জানা গেছে, গতকাল মানহানির মামলায় আদালতে হাজিরা দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেসাম হোসেন।বাদী পক্ষের কৌঁসুলি জাহিদ ব্যাপারী বলেন, গতকাল তাঁরা আদালতের কাছে বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। আদালত তাঁদের আবেদন আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টার খবরে ঢাকায় শহীদ উদ্দীন চৌধুরীর একটি জনসভার বক্তৃতা সম্প্রচার করা হয়। ওই বক্তৃতায় শহীদ উদ্দীন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এরপর মন্ত্রী গত ১৪ মার্চ ফরিদপুরের যুগ্ম জজ এক নম্বর আদালতে শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানির মামলা করেন। এর চার দিন পর ১৮ মার্চ মন্ত্রীর ভাই খন্দকার মোহতেসাম হোসেন এক নম্বর আমলি আদালতে আরেকটি মানহানির মামলা করেন।