ফরিদপুরে বিএনপির সাংসদের বিরুদ্ধে মন্ত্রীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুরে ৫০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। মামলাটি করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রীকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেওয়ায় এই মামলা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার মন্ত্রীর পক্ষে তাঁর আইনজীবী সুবল চন্দ্র সাহা ফরিদপুর জেলা যুগ্ম জজ-১ আদালতের বিচারক রাফিজুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন। মন্ত্রীর পক্ষে ৫৭ হাজার ৫০০ টাকার কোর্ট ফি জমা দিয়ে দেওয়ানি আইনে ক্ষতিপূরণবিষয়ক মামলাটি দায়ের করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। আইনজীবী সুবল চন্দ্র সাহা জানান, গত ১১ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টায় প্রচারিত খবরে ঢাকায় শহীদ উদ্দীন চৌধুরীর একটি বক্তব্য প্রচার করা হয়। এতে তিনি প্রবাসীকল্যাণমন্ত্রীকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ওই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে মন্ত্রী গত ১২ ফেব্রুয়ারি তাঁকে দুটি উকিল নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব দেওয়ার কথা থাকলেও শহীদ উদ্দীন চৌধুরী জবাব দেননি। ফলে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মন্ত্রীর পক্ষে গতকাল মামলাটি করা হয়।এ ব্যাপরে মুঠোফোনে শহীদ উদ্দীন চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মামলার নকল তোলার পর আনুষ্ঠানিকভাবে আমার প্রতিক্রিয়া জানাব।’ তবে তাঁর পক্ষের কৌঁসুলি সাংসদ মাহবুবউদ্দীন খোকন বলেন, বক্তব্যটি ছিল রাজনৈতিক। এ ধরনের বক্তব্যের জন্য যদি মামলা হয়, তাহলে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদিন ৫০০ মামলা হওয়ার কথা। বিষয়টি তাঁরা আইনগতভাবে মোকাবিলা করবেন বলে তিনি জানান।