ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার বছরের এক শিশু মারা গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর সহল্লাস্ত মিয়াপাড়া সড়ক এলাকায় ওই শিশুটির বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম শাহাদাত ফকির। সে ওই এলাকার বাসিন্দা অটোবাইকচালক লিটন ফকিরের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিয়াপাড়া সড়কের গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়-সংলগ্ন একটি টিনের ঘরে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন লিটন ফকির। ঘটনার সময় শিশুটি বাড়িতে একাই ছিল। শিশুটির মা পাশের বাসায় একটি কাজে গিয়েছিলেন। বেলা ১১টার দিকে শিশুটির মা বাড়িতে এসে দেখতে পান, ঘরের টিনের বেড়ার সঙ্গে শাহাদতের মাথা আটকে আছে। তিনি শাহাদাতকে ধরতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকাবাসী এসে তাঁকে উদ্ধার করেন। মা বেঁচে গেলেও মারা যায় শিশুটি।
ওই এলাকার (৩ নম্বর ওয়ার্ড) পৌর কাউন্সিলর আবদুল মান্নান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারণা করা যাচ্ছে, ওই বাড়ির বিদ্যুৎ-সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে কোনোভাবে ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল।