ফরিদপুরে বীরশ্রেষ্ঠ আবদুর রউফের মৃত্যুবার্ষিকী পালিত
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের সংগ্রহশালায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া, ইউএনও লুৎফুন নাহার প্রমুখ।
পরে বীরশ্রেষ্ঠের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া শেষে কাঙালিভোজের আয়োজন করে তাঁর পরিবার। এর আগে সকাল ছয়টায় সংগ্রহশালায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কামারখালীতে সরকারি বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে কোরআনখানি ও বাদ জোহর কলেজ মসজিদে দোয়া মাহফিল হয়।
মুন্সী আবদুর রউফ ১৯৪৩ সালের মে মাসে উপজেলার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের ২০ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে রাঙামাটির নানিয়ারচর থানার বুড়িঘাট নামক স্থানে শহীদ হন।