ফরিদপুরে বৃদ্ধ দম্পতির গলা কাটা লাশ উদ্ধার
ফরিদপুরে আজ শনিবার সকালে এক বৃদ্ধ দম্পতির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শহরতলির মুন্সিডাঙ্গি গ্রামের মালত বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন শামসুল হক মালত (৭৫) ও তাঁর স্ত্রী নার্গিস নাহার ওরফে সেলিনা (৬০)।
নিহত দম্পতির পারিবারিক সূত্রে জানা গেছে, শামসুল হক মালত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) থেকে অবসর নিয়ে বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন।
এলাকাবাসী জানান, একতলা পাকা বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন শামসুল। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে খায়রুজ্জামান ওরফে মাসুদ (৪২) ঢাকায় চাকরি করেন। তবে তিনি ছুটিতে ফরিদপুর সদরের বিলমাহমুদপুর গ্রামে শ্বশুরবাড়িতে ছিলেন।
আজ সকালে বৃদ্ধ-বৃদ্ধা বাড়ির দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। বাবার মুঠোফোনে বারবার ফোন করে না পেয়ে ছেলে খায়রুজ্জামান ওই বাড়িতে যান। এরপর এলাকাবাসী ঘরের জানালা ভেঙে গলাকাটা অবস্থায় স্বামী-স্ত্রীকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে শ্বাসরোধে ও পরে গলা কেটে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।