ফরিদপুরে বেসরকারি কলেজশিক্ষকদের মানববন্ধন
ফরিদপুরে নয় দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বেসরকারি কলেজের শিক্ষকেরা৷ ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ মানববন্ধন হয়৷
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষে শিক্ষকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন৷ বাংলাদেশ বেসরকারি কলেজ (অনার্স ও মাস্টার্স) শিক্ষক পরিষদ ফরিদপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়৷ এ সময় পরিষদের জেলা শাখার সভাপতি সৌমিত্র মজুমদার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক লিপি আক্তার, দপ্তর সম্পাদক জেহাদী আক্তারসহ বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষকেরা উপস্থিত ছিলেন৷
শিক্ষকদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে জনবলকাঠামো তৈরি করে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্ত করা এবং জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের আত্তীকরণ করা, যোগ্যতা অনুসারে উচ্চতর স্কেল প্রদান, যোগদানের তারিখ থেকে অভিজ্ঞতা গণনা করা, যোগদানের তারিখ থেকে অবসর ভাতা ও গ্র্যাচুইটি দেওয়ার বিধান চালু, পদোন্নতির ক্ষেত্রে অনুপাত পদ্ধতি বাতিল করা, বেসরকারি কলেজে একজন করে করণিক, হিসাবরক্ষক ও প্রতি বিভাগে চতুর্থ শ্রেিণর কর্মচারী নিয়োগ করা, গবেষণার জন্য কলেজ থেকে ছুটি, সরকারি বৃত্তিসহ যাবতীয় সহযোগিতা প্রদান করা৷