ফরিদপুরে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি
ফরিদপুর শহরের নিলটুলী এলাকার একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার রাতে মুজিব সড়কে অবস্থিত বাংলা ইঞ্জিনিয়ারিং বিপণিবিতানের নিচতলার মেঘনা জুয়েলার্সে ডাকাতির এ ঘটনা ঘটে।
মুখোশ পরা ডাকাতেরা দোকানের মালিক স্বপন কর্মকারের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রায় ২০০ ভরি ওজনের সোনার গয়না লুট করে নিয়ে যায়। ডাকাতি চলাকালে ও ডাকাতি করে চলে যাওয়ার সময় তারা বোমার বিস্ফোরণ ঘটায়। লুট করা গয়না নিয়ে ডাকাতেরা পাশের গলি দিয়ে আলীপুরের দিকে চলে যায়।
স্বপন কর্মকার বলেন, রাত সোয়া আটটায় মুখোশ পরা চার যুবক দোকানে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে শোকেসের ভেতর থেকে ২০০ ভরি সোনা লুট করে নিয়ে যান। এ সময় দোকানের বাইরে আরও তিন-চারজন যুবক সাত-আটটি বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।
দোকানের ব্যবস্থাপক মনোজ কুমার কর্মকার বলেন, ঘটনার সময় দোকানের কর্মচারী শুভংকর পড়ে গিয়ে আহত হন।
খবর পেয়ে পুলিশ সুপার মো. জামিল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও ডাকাতদের ব্যবহৃত একটি মুখোশ উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।