ফরিদপুরে ব্যবসায়ী মাগুরায় গৃহবধূ খুন
মাগুরার মহম্মদপুর উপজেলায় গত বুধবার দিবাগত রাতে এক গৃহবধূকে তাঁর স্বামীসহ তিনজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুরের মধুখালী উপজেলায় গত বৃহস্পতিবার এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাছ ব্যবসায়ীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রায় ছয় বছর আগে মহম্মদপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শফি শেখের ছেলে নাজমুল শেখের সঙ্গে কমলধরী গ্রামের চান মিয়ার মেয়ে স্বপ্না বেগমের (২৬) বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় নাজমুল স্বপ্নাকে তাঁর বাবার কাছ থেকে টাকা এনে দেওয়ার দাবিতে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে স্বপ্না তাঁদের বাড়িতে চলে আসেন এবং নাজমুলের বিরুদ্ধে মামলা করেন। ছয় মাস আগে আদালতের মাধ্যমে মীমাংসা হলে স্বপ্না স্বামীর ঘরে ফিরে যান। কিন্তু কিছুদিন না যেতেই স্বপ্নার ওপর আবারও অত্যাচার শুরু হয়।
চান মিয়া অভিযোগ করেন, গত বুধবার রাতে নাজমুল তাঁর মেয়ে স্বপ্নাকে মারধর করেন। একপর্যায়ে তিনি (নাজমুল) গ্রামের জালাল মোল্লা ও আরিফ মোল্লাকে বাড়িতে ডেকে আনেন। তাঁরা তিনজনে মিলে স্বপ্নাকে পিটিয়ে হত্যা করেন। সকালে নাজমুল প্রচার করেন, স্বপ্না আত্মহত্যা করেছে। পরে পুলিশ খবর পেয়ে স্বপ্নার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহমঞ্চদপুর থানার উপপরিদর্শক নুরুজ্জামান জানান, স্বপ্নার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় তিনি নির্যাতনের চিহ্ন পেয়েছেন। জালাল মোল্লা ও আরিফ মোল্লা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। পলাতক থাকায় নাজমুলের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মধুখালী উপজেলার ব্যশদী গ্রামের মোরশেদ জোয়ার্দার বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নিজের মাছের খামার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পূর্বশত্রুতার জের ধরে ওই গ্রামের ওলিয়ার শেখ দলবল নিয়ে তাঁকে পিটিয়ে আহত করে নিজের বাড়িতে নিয়ে আটকে রাখেন। গতকাল শুক্রবার সকালে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল সাড়ে সাতটার দিকে সেখানে তিনি মারা যান।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ওলিয়ারের বাড়িতে মোরশেদকে আটকে রেখে পিটিয়ে আহত করার ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ওলিয়ার শেখকে গ্রেপ্তার করা হয়েছে।