ফরিদপুরে ব্যবসায়ী হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে গিয়াসউদ্দিন খান নামের এক পাট ব্যবসায়ীকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ (প্রথম আদালত) মুসরাত জেরিন এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রামের মো. জমির আলী ওরফে জাবের (২৫), চাঁদপুর গ্রামের মো. এনামুল কবির ওরফে এনামুল কাজী (২৭) এবং সাহাপাড়া গ্রামের মো. মিন্টু শেখ (২৭)। আসামিদের মধ্যে মিন্টু শেখ পলাকত রয়েছেন। বাকি দুই আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের ব্যবসায়ী গিয়াসউদ্দিন খানের স্ত্রী শিউলি বেগমের ছোট বোনের মেয়েকে বিয়ে করেছিলেন আসামি মো. জমির আলী। পরবর্তী সময়ে শিউলির ভাগনির সঙ্গে জমির আলীর ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ির পেছনে গিয়াসউদ্দিনকে সন্দেহ করেন জমির আলী। এরপর গিয়াসউদ্দিন খান ২০১০ সালের ২০ অক্টোবর দুপুরে ফরিদপুর সদরের খলিলপুর বাজারে পাট বিক্রি করে রিকশা ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের বারখাদা সেতু ও আজিজ পাইপের মাঝামাঝি এলাকায় পৌঁছালে আসামিরা ধারালো অস্ত্র¿দিয়ে গিয়াসউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।
পরে ঘটনার দিনই নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় ওই তিন ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
শিউলি বেগম বলেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন।