ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, প্রতিবাদে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ফরিদপুর শহরের স্বর্ণকারপট্টি হিসেবে খ্যাত নিলটুলী এলাকায় ব্যসায়ীরা গতকাল শনিবার থেকে ৩৬ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন।নিলটুলী বাজার বণিক সমিতির আহ্বানে এ ধর্মঘট চলছে। গত শুক্রবার রাতে সমিতির সদস্যরা স্থানীয় ‘গোল্ডেন প্লাজা’ ভবনে সমিতির কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়।নিলটুলী বণিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য বাবুরাম কর্মকার জানান, আজ রোববার ৩৬ ঘণ্টার ধর্মঘট শেষ হওয়ার পর ব্যবসায়ীদের পক্ষ থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।শুক্রবার সকাল নয়টার দিকে নিলটুলীর মুজিব সড়কের তারকেশ্বর জুয়েলার্সে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে দোকানের মালিক শঙ্কর দত্ত (৩৮) ও কর্মচারী বাবু বিশ্বাসকে (২২) কুপিয়ে গুরুতর আহত করে। আহত ব্যক্তিরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। সন্দেহভাজনদের আটকের জন্য সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। গত শুক্রবার চরভদ্রাসনের হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়েছে। ঘটনাটি খুবই রহস্যজনক।ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী জানান, চারজন সন্ত্রাসী সোনার দোকানে এ হামলা চালায়। তাদের দুজনের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল। হামলার ধরন দেখে মনে হয়েছে সন্ত্রাসীরা ব্যবসায়ী শংকরকে হত্যা করতেই এসেছিল। তাঁর কর্মচারী বাবু চিৎকার দেওয়ায় সন্ত্রাসীদের উদ্দেশ্য ব্যর্থ হয়।