ফরিদপুরে ব্যাংকের বিরুদ্ধে টাকা কম দেওয়ার অভিযোগ
ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার বিরুদ্ধে একটি ১০ বছরমেয়াদি সঞ্চয়ী হিসাবের প্রদেয় টাকা না দিয়ে কম টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা এম এম মিজানুর রহমান এ অভিযোগ করেছেন। এম এম মিজানুর রহমান লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২০০১ সালে তিনি ইসলামী ব্যাংক ফরিদপুর শাখায় ২০৭৩ নম্বর এমএসএস (মাসিকবিত্তিক সঞ্চয়) হিসাব খোলেন। প্রতি মাসে তিনি এই হিসাবে ৫০০ টাকা জমাদেন। ১০ বছর পর এ হিসাব থেকে এক লাখ ২০ হাজার টাকা পাওয়ার কথা। গত ১৯ এপ্রিলে তাঁর হিসাবের মেয়াদ শেষ হয়ে গেলে ব্যাংক তাঁকে মাত্র ৯২ হাজার ২৪৫ টাকা দেয়। তিনি যখন ওই ব্যাংকে হিসাব খোলেন, তখন ব্যাংকে সুদের হার ছিল ১১ দশমিক ৫৫ টাকা। ২০১১ সালে ওই ব্যাংক সুদের হার নির্ধারণ করে ৯ দশমিক ২০ টাকা। এম এম মিজানুর রহমান লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, ২০১০ সাল পর্যন্ত তাঁর হিসাবে সুদ ও আসলসহ এক লাখ চার হাজার টাকা জমা ছিল। এ বছর সুদ দেওয়া না হলেও তাঁর পাওনা দাঁড়ায় এক লাখ ১০ হাজার টাকা। কিন্তু ব্যাংক তাঁকে সে টাকা না দিয়ে ১৭ হাজার ৭৫৫ টাকা কম দিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করে। ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মো. রফিকুল আলম বলেন, ‘ইসলামী ব্যাংক টাকা বিনিয়োগ করে যে লভ্যাংশ পায়, তার ভিত্তিতেই গ্রাহকদের টাকা দেয়। যদি ব্যাংকের লোকসান হয়, তবে সেটিও গ্রাহকদের বহন করতে হয়। আমরা এমএসএস হিসাবের ক্ষেত্রে ১০ বছর পর কত টাকা তিনি পেতে পারেন, তার একটা ধারণা দিই মাত্র। ব্যাংকের পদ্ধতি অনুযায়ী কোনো প্রতারণা করা হয়নি।’