ফরিদপুরে ভাইস চেয়ারম্যান জেলে
ফরিদপুর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করে গতকাল সোমবার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তিনি হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি পৃথক মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়দ শেষ হলে গতকাল বেলা ১১টার দিকে বেনজির আহমেদ ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। হাকিম আবদুল্লাহ আল মাসুদ জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
আসামিপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, গত বছর ৩০ নভেম্বর নির্বাচনবিরোধী আন্দোলন চলাকালে ফরিদপুর সদরের আদমপুরে বোমা বিস্ফোরণে জিল্লুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
ওই ঘটনায় গত ২ ডিসেম্বর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ আলী হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।
এতে মামলার আসামি বেনজির গত ১৮ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আন্তর্বর্তীকালীন জামিন পান।