ফরিদপুরে ভাঙচুর করে সড়কের নতুন নামফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড় থেকে হাটকৃষ্ণপুর সড়কের নামফলক ভেঙে সেখানে নতুন নামফলক স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ সড়কের নামফলকে লেখা ছিল ‘ওয়াহেদ সরদার সড়ক’। ওয়াহেদ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছিলেন, এমন অভিযোগ তুলে ফলকটি ভেঙে দেওয়া হয়।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে তালমার মোড় এলাকায় নগরকান্দা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান প্রমুখ।
বক্তারা দাবি করেন, ওয়াহেদ সরদার মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন। এমন ব্যক্তির নামে স্বাধীন দেশে কোনো সড়কের নামকরণ হতে পারে না।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সভার পর শত শত মানুষ মিছিল করে ওই নামফলকের কাছে যায়। পরে ফলকটি ভেঙে সেখানে ‘বিশ্ব জাকের মঞ্জিল সড়ক’ নামের নতুন নামফলক স্থাপন করা হয়।
ওয়াহেদের বাড়ি উপজেলার বিল গোবিন্দপুর গ্রামে। তিনি স্থানীয় টাঙ্গি ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
প্রয়াত ওয়াহেদ সরদারের ছেলে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান সরদার বলেন, ‘২০১৩ সালে উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ওই সড়কের নামকরণ হয় “ওয়াহেদ সরদার সড়ক”। আমাদের প্রতি আক্রোশের বশবর্তী হয়ে আয়মন আকবরের নেতৃত্বে ফলকটি ভেঙে দেওয়া হলো। তাঁর (আয়মন আকবর) এ আক্রোশের কারণ বোধগম্য নয়।’
আয়মন আকবরের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বলেন, ওয়াহেদ শান্তি কমিটির সদস্য ছিলেন। তবে এলাকার কোনো মানুষের ক্ষতি তিনি করেননি।
নগরকান্দার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী আবুবকর বলেন, ‘ওই সড়কের প্রকৃত নাম তালমা ডেইরি ফার্ম টু হাটকৃষ্ণপুর সড়ক। দুই বছর ধরে আমি দেখে আসছি, সড়কে ‘ওয়াহেদ সরদার সড়ক’ নামে একটি ফলক স্থাপন করা হয়েছে। এটি আমাদের সিদ্ধান্ত ছিল না। এখন ‘বিশ্ব জাকের মঞ্জিল সড়ক’ নামে নতুন যে নামকরণ হলো, এর সঙ্গেও আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’