ফরিদপুরে ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে বালুভর্তি ব্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাই ইউনিয়নের চর বন্দর খোলা ফাজিল মাদ্রাসা ও চর নাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আড়িয়াল খাঁ নদের ভাঙনের হাত থেকে রক্ষা করতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পউবো)। গতকাল রোববার সকাল থেকে এ কাজ শুরু হয়েছে।

নদে পানি বেড়ে যাওয়ায় স্রোত সৃষ্টি হওয়ায় চর বন্দর খোলা ফাজিল মাদ্রাসা ও চর নাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাজারি হাজীর কান্দি, গিয়াস উদ্দিন ফকির কান্দি এলাকায় আনুমানিক ৫০০ মিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে গিয়াস উদ্দিন ফকির কান্দি এলাকায় একটি পরিবারের বসতভিটা নদে বিলীন হয়ে গেছে। এ ছাড়া আনুমানিক ২০ শতাংশ ফসলি জমি বিলীন হয়ে গেছে।

প্রায় এক একর জমির ওপর চর বন্দর খোলা ফাজিল মাদ্রাসা স্থাপিত হয় ১৯৬০ সালে। এ মাদ্রাসায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষক আছেন ১৯ জন।

মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সামাদ বলেন, নদে পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে মাদ্রাসার কিছু জমি নদে বিলীন হয়ে গেছে। মাদ্রাসার ঘর থেকে ভাঙনের দূরত্ব মাত্র ৪০ ফুট।

পাউবো সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদের ভাঙনরোধে চরমানাইর ইউনিয়নের হাজারি হাজীর কান্দি, গিয়াস উদ্দিন ফকির কান্দি, চর বন্দর খোলা ফাজিল মাদ্রাসা, চর নাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিক্কার মোড়, ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া নদীঘাট এবং পাশের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকার মোট ৫ হাজার ৫০০ মিটার ভাঙনকবলিত এলাকায় ভাঙনরোধের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে নদীর তীর সংরক্ষণের জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৯৫ কোটি টাকা। প্রকল্পটি পাস হলে সিসি ব্লক দিয়ে স্থায়ীভাবে ওই এলাকার নদের পাড় বেঁধে দেওয়া সম্ভব হবে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, মাদ্রাসা ও বিদ্যালয়টি রক্ষার জন্য জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পাউবো। মাদ্রাসার পাশে আড়িয়াল খাঁ নদের ১২৫ মিটার অংশে ভাঙনরোধে বালুভর্তি সাত হাজার জিও ব্যাগ ফেলার কাজ রোববার থেকে শুরু হয়েছে। ১৫ দিনের মধ্যে এ কাজ সম্পন্ন হবে এবং এর জন্য ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা।