ফরিদপুরে ভিজিএফের চাল চুরির সময় ইউপি সদস্য ধরা
ফরিদপুরের সদরপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে ভালনারেবল গ্রুপ ফিডিং বা ভিজিএফের ৩০ বস্তা চাল চুরির সময় হাতেনাতে ধরা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই ইউপি সদস্যের নাম আয়নাল বেপারী (৩৯)। তিনি উপজেলার আকটেরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়নের সদর বেপারীডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে ওই ইউনিয়নে ১ হাজার ২১২ জন দরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিলি করা হচ্ছিল। ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ১২ বা ১৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। এ ছাড়া তালিকায় থাকা অনেকেই চাল পাননি। তাঁদের বলা হয়, চাল শেষ।
দুপুরের দিকে ইউপি ভবনে রাখা চাল আয়নাল বেপারী ও তাঁর লোকজন গোপনে সরিয়ে নেন। ভবনটির পাশের একটি বাড়িতে ওই চাল সরিয়ে রাখা হয় বলে স্থানীয় লোকজন জানতে পারেন। স্থানীয় লোকজন ওই ইউপি সদস্যকে ঘেরাও করে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। ওই ইউনিয়নের ট্যাগ কর্মকর্তাকেও খবর দেওয়া হয়।
পরে ট্যাগ কর্মকর্তা পারভেজ হোসেন বিষয়টি সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের রহমান রাশেদকে জানান। জোবায়ের রহমান বিষয়টি সদরপুরের অতিরিক্ত দায়িত্বে থাকা চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহারকে জানান। বেলা সাড়ে তিনটার দিকে সদরপুর উপজেলার সহকারী কমিশনার পুলিশসহ ঘটনাস্থলে আসেন। ওই সময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ২১ বস্তা চাল, ইউপি সদস্যের গুদাম ও ইজিবাইকের মধ্যে থেকে আরও ৯ বস্তাসহ মোট ৩০ বস্তা চাল জব্দ করেন তিনি। ঘটনাস্থল থেকে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে সদরপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সদরপুর সহকারী মাধ্যমিক শিক্ষা ও ট্যাগ কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন বলেন, চাল বিতরণের সময় তিনি উপস্থিত ছিলেন না। পরে তিনি ইউপি ভবনে এসে চাল সরানোর বিষয়টি দেখতে পান। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।
সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের রহমান রাশেদ জানান, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে চালসহ ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাল কম দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে।
আকটেরচর ইউপি চেয়ারম্যান মনিরুল হক জানান, ঘটনার সময় তিনি ভবনে ছিলেন না। পরে তিনি ইউপি ভবনে এসে ট্যাগ অফিসারের কাছে বিষয়টি জানতে পারেন।
সদরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার বলেন, সরকারি চাল আত্মসাতের অভিযোগে ওই ইউপি সদস্যকে আসামি করে বৃহস্পতিবার রাতেই সদরপুর থানায় মামলা করেছেন ট্যাগ কর্মকর্তা।