ফরিদপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নে এক হাজার ৩৬২টি ভিজিএফ কার্ডধারীর কাউকেই নির্দিষ্ট ১০ কেজি করে চাল দেওয়া হয়নি। প্রত্যেককে দেড় থেকে দুই কেজি করে চাল কম দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ওই ইউনিয়নের ভবুকদিয়া বাজারের একটি পাকা ঘর থেকে এ চাল বিতরণ করা হয়।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে দুস্থ ব্যক্তিদের খাদ্য-সহায়তা (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ওই চাল বিতরণ করা হয়। সরকারি নিয়মানুযায়ী প্রত্যেক কার্ডধারী ব্যক্তির ১০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু প্রত্যেককে আট থেকে সাড়ে আট কেজি চাল দেওয়া হয়েছে।
চাল নিতে আসা ভবুকদিয়া বাজারের সৈয়দ আলী (৫৬) বলেন, ‘১০ কেজি চাল দেওয়ার কথা ছিল কিন্তু আমাকে দেওয়া হয়েছে আট কেজি চাল।’ শ্রীরামদিয়া গ্রামের হায়দার আলী (৫২) বলেন, ‘সব সময়ই চেয়ারম্যান-মেম্বাররা আমাগো মতো গিরব মানুষগুলারে ঠগায়।’
ওই ইউনিয়নে চাল বিতরণকাজে তদারকির দায়িত্বে ছিলেন (ট্যাগ কর্মকর্তা) উপজেলা পাট কর্মকর্তা আবদুস ছালাম। ওজনে কম দেওয়ার কথা স্বীকার করে ছালাম বলেন, ‘পরিমাণে কম থাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যনের পরামর্শমতো ওজনে কিছু কম দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘এ ইউনিয়নে বরাদ্দ করা চালের পরিমাণ কত এবং কত বস্তা চাল এসেছে, তা আমি বলতে পারব না। কেননা আমি আসার আগেই সব বস্তার চাল খুলে ফেলা হয়েছে।’
ওজনে কম দেওয়া প্রসঙ্গে ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কালাম কাজী বলেন, ‘পরিমাণে ঘাটতি থাকায় ১০ কেজির জায়গায় নয় কেজি করে চাল দিচ্ছি। তা ছাড়া চাল আনতে খরচ আছে। সব সময় সঠিক পরিমাণ চাল পাই না।’
এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ বলেন, ‘ভিজিএফের চাল যেন কম দেওয়া না হয়, এ ব্যাপারে প্রত্যেক ইউপি চেয়ারম্যানকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। যদি কোনো ইউনিয়নের চাল বিতরণের ব্যাপারে কম দেওয়ার অভিযোগ আসে, তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’