ফরিদপুরে ভুয়া চিকিৎসক জরিমানা দিয়েই পার!
ফরিদপুরে জাল সনদ দিয়ে চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে মো. রাকিব হাসান নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যায় ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এস এম শাহীন এ দণ্ড দেন।
রাকিব জরিমানার অর্থ পরিশোধ করে রাতেই মুক্তি পেয়ে যান। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাওনারা গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে। গত বছরের অক্টোবর থেকে ফরিদপুর শহরের আলীপুর গোরস্থানসংলগ্ন সূর্যের হাসি ক্লিনিকে তদারক কর্মকর্তা (মনিটরিং অফিসার) হিসেবে তিনি কাজ করছিলেন। রাজবাড়ীর দক্ষিণবাড়ী গ্রামের বাসিন্দা চিকিৎসক রাকিব এহসানের সনদ নিজের নামে জাল করে তিনি প্রতারণা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।
ক্লিনিকের প্রকল্প পরিচালক মমতাজ বেগম জানান, গোপন সূত্রে তাঁরা প্রতারণার বিষয়টি জানতে পারেন। পরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে খোঁজখবর করে নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের দ্বারস্থ হন।
জাল সনদ তৈরির কথা স্বীকার করে রাকিব জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের এক অফিস সহকারীর মাধ্যমে তিনি এ সনদ তৈরি করেন। এ জন্য তিনি ২০ হাজার টাকা ব্যয় করেন। সনদের মূল মালিকের সঙ্গে নামের মিল ও এলাকা এক হওয়ায় সুযোগ নেন তিনি।
এস এম শাহীন জানান, রাকিবকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮ অনুচ্ছেদের ৩ ও ১ ধারায় দোষী সাব্যস্ত করে দণ্ড দেওয়া হয়েছে। তবে প্রতারণার দায়ে নিয়মিত আদালতে তাঁর বিরুদ্ধে মামলার সুযোগ আছে।
জেলা বিএমএর সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, প্রতারণার অন্য দিকগুলো ধরে রাকিবকে সাজা দেওয়া হয়নি। এটা যদি ওই আদালতের আওতায় না পড়ে, তবে তাঁরা নিয়মিত আদালতে রাকিবকে হস্তান্তর করতে পারতেন।
সূর্যের হাসি ক্লিনিকের চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ জানান, রাকিবকে গত অক্টোবরে মাসিক ৩০ হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হয়। জালিয়াতির বিষয়টি ধরা পড়ার পর দ্রুত ব্যবস্থা নিতে তাঁরা ভ্রাম্যমাণ আদালতের দ্বারস্থ হন।