ফরিদপুরে ভুয়া কবিরাজের কারাদণ্ড
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত শনিবার এক ভুয়া কবিরাজকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম মো. আছাদ শেখ (৪০)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের বাসিন্দা।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুজ্জামান এ রায় দেন। তিনি বলেন, ‘ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে কথিত ওই কবিরাজকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ জানা গেছে, চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের কওসার শেখের ছেলে মনির শেখের (৬) হাত ভাঙার চিকিৎসা দেন ওই কবিরাজ। এর ফলে মনিরের হাত জোড়া না লেগে সেখানে পচন ধরে। শনিবার সকালে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রোগীর অভিভাবকের পক্ষ থেকে এ ব্যাপারে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।’ বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, শনিবার বিকেলে বোয়ালমারী সদরের স্টেশন রোডের খোলা ময়দান থেকে আছাদ শেখকে আটক করা হয়।