ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত একটি ভেজাল মসলা তৈরির কারখানার সন্ধান পেয়েছেন। ফেনীতে ভ্রাম্যমাণ আদালত একটি রেস্তোরাঁ ও একটি মিষ্টি তৈরির কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন। আর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চারটি মুদির দোকান ও দুটি যানবাহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে সোমবার বিকেলে একটি ভেজাল মসলা কারখানায় অভিযান চালিয়ে ভেজাল মসলা তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করেছে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কারখানার মালিক আবেদ শেখের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।র্যাব-৮-এর ফরিদপুর ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে জানায়, আবেদ শেখের কারখানা থেকে বিপুল পরিমাণ রং এবং তুষমিশ্রিত ভেজাল মসলা উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে। কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কানাইপুর বাজার মালিক সমিতির সভাপতি আহিদ মোল্যা প্রথম আলোকে জানান, প্রায় ১৫ বছর ধরে আবেদ শেখ ওই মশলা কারখানা স্থাপন করে ব্যবসা করছেন। তাঁর কারখানা থেকে পাইকারি বিক্রেতারা মসলা কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে আসছেন।ফেনী: ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গত রোববার বিকেলে ফেনী শহরের রাজাজির দিঘির পাড়ের ফাইভ স্টার হোটেলকে ১৫ হাজার টাকা এবং পাঠানবাড়ী রোডের বনফুল মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর কুতুবুল আলম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে আয়োডিনবিহীন লবণ বিক্রির দায়ে গত রোববার দুপুরে চারটি মুদির দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই আদালত নম্বরবিহীন মোটরসাইকেল চালানো ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে একটি মোটরসাইকেল ও একটি টেম্পোকে জরিমানা করেন। আদালত ওই চারটি মুদি দোকান ও দুটি মোটরযানকে মোট পাঁচ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।